রাজধানীর মতিঝিলের এজিবি কলোনীর বাজার থেকে ২০১৮ টাকা দিয়ে দুটি কমলা কিনলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণার অংশ হিসেবে তিনি এ ফল কিনেন। আর এ প্রচারণা চালিয়েছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের সুবিধা, ব্যবহার পদ্ধতি ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সকালে রাজধানীর এজিবি কলোনি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। পরে তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিজে কেনাকাটা করে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করেন।
প্রচারণাকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের সুবিধা ও ব্যবহার পদ্ধতি তুলে ধরা হয়। একই সঙ্গে নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক সম্পর্কেও সচেতন করা হয়।
দেশে ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ প্রচারণার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসূর মোস্তফা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলা কিউআর ব্যবহারে মানুষের আগ্রহ বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা আরও বাড়বে।