নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, অর্থায়ন বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অংশগ্রহণ জোরদারের উদ্যোগ নিচ্ছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, উদ্যোক্তাদের সুবিধার্থে এসএমই খাতে ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা মাত্র ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। পাশাপাশি বাণিজ্য ও ব্যবসায়িক নথি দ্রুত ও সহজে পেতে ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে ট্রেড লাইসেন্স, আইআরসি ও ইআরসির মতো প্রয়োজনীয় কাগজপত্র দেশ বা বিদেশ থেকে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করে সরাসরি সংগ্রহ করা যাবে।
বিডব্লিউসিসিআই সভাপতি সঙ্গীতা আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। তারা দেশে নারী উদ্যোক্তাদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ডেটাবেজ প্রণয়ন, নিবন্ধনের জটিলতা দূর করতে ‘কমপ্লায়েন্স ডেস্ক’ স্থাপন এবং জেলা ও কেন্দ্রের মাঝে সমন্বয় সভার প্রস্তাব দেয়। বাণিজ্যমন্ত্রী সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে এসব প্রস্তাবনা বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপের আশ্বাস দেন।