পূর্বাভাস ও ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে এশিয়ার ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দামে বিশাল ছাড় দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ নভেম্বরের সরবরাহের জন্য তাদের প্রধান গ্রেডের তেলের দাম গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত আরামকোর মূল্য নির্ধারণী নথি থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়ার বাজারে ‘আরব লাইট’ তেলের দাম ওমান ও দুবাইয়ের গড় মূল্যের চেয়ে প্রতি ব্যারেলে ৫ ডলার কম রাখা হয়েছে। অক্টোবরে এই ছাড়ের পরিমাণ ছিল ২ ডলার। রয়টার্সের তথ্যমতে, ২০২০ সালের জুনের পর এশীয় বাজারে এটিই সৌদির সবচেয়ে বড় মূল্যছাড়। যেখানে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দর বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে উল্টো দাম কমাল দেশটি। একই সাথে আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার করে কমানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্প্রতি ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ায় আন্তর্জাতিক রুটে জাহাজ ভাড়া বা পরিবহন খরচ লাগামহীনভাবে বেড়েছে। এক বছর আগে চীনের উদ্দেশ্যে উপসাগরীয় অঞ্চল থেকে তেলবাহী বিশাল জাহাজের দৈনিক ভাড়া যেখানে ছিল ৮০ হাজার ডলার, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১২ লাখ ডলারে! ক্রেতাদের উপর এই বাড়তি পরিবহন খরচের চাপ কমিয়ে বাজার ধরে রাখতেই আরামকো এই বিশাল ছাড় দেওয়ার কৌশল নিয়েছে।
তবে এশিয়ায় নজিরবিহীন ছাড় দিলেও ইউরোপীয়দের জন্য উল্টো পথ হেঁটেছে সৌদি আরামকো। উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে সব ধরনের অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ৩ ডলার বাড়িয়েছে কোম্পানিটি। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের পূর্বের দর অপরিবর্তিত রাখা হয়েছে।