যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে মাঝ আকাশে বিমানটি রেডিও ও রাডার—উভয় ধরনের যোগাযোগ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শনিবার ভোরে ঘটা এ ঘটনার পর ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের কাছে সমুদ্র ও আকাশে উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। নিখোঁজ গালফস্ট্রিম জি-১০০ বিমানটিতে কানাডার চারজন ক্রু (দুইজন পাইলট ও দুইজন স্বাস্থ্যকর্মী) এবং একজন রোগী ও তাঁর স্বজন ছিলেন।
ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস'-এর ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ নিশ্চিত করেছেন, "বিমানে থাকা চারজন ক্রুই কানাডার নাগরিক। একজন রোগী ও তাঁর স্বজনকে আনতেই বিমানটির ক্রুরা বারমুডায় গিয়েছিলেন।"
এদিকে ঘটনার উদ্বেগ প্রকাশ করে বারমুডার প্রিমিয়ার ডেভিড বার্ট বলেন, "বিমানে থাকা সব আরোহী ও তাঁদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আমরা প্রার্থনা করছি ছয়জন যেন নিরাপদে উদ্ধার পান। নিখোঁজদের খোঁজে উদ্ধারকারীদের নিরলস প্রচেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।"
ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা যায়, উড্ডয়নের পর বিমানটি হঠাৎ ২৪ হাজার ফুট থেকে দ্রুত ১১ হাজার ফুটে নেমে আসে। বিমানটিতে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছিল এবং নিখোঁজ হওয়ার ঠিক আগে পাইলট এটিসিকে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন। বর্তমানে ম্যাসাচুসেটস উপকূলে কোস্টগার্ডের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।