ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশসহ দেশটির বিভিন্ন অঞ্চলে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে, যার মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১২ মাস এবং একজনের আট বছর।
চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি পাঁচতলা আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে ঘুমন্ত অবস্থায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে ভবনটির অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়। হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যার মধ্যে সাত শিশুও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই হামলা শুরু হয়। এর আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একটি ‘ব্যাপক’ হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলাকে সন্ত্রাস সৃষ্টির সুপরিকল্পিত পদক্ষেপ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে এই হামলা চালায়। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীতে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বাসিন্দারা সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এবং পুরো কিয়েভ শহর বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে।