ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ মাঘ ১৪৩৩, ২৬ রবিউল সানি ১৪৪৮

`পাঠাও' সার্ভার থেকে ১৯ লাখ গ্রাহকের তথ্য চুরি!



`পাঠাও' সার্ভার থেকে ১৯ লাখ গ্রাহকের তথ্য চুরি!

জনপ্রিয় ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘পাঠাও’-এর সার্ভারে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। একটি সাইবার অপরাধী চক্র প্ল্যাটফর্মটির প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছে। এর বিনিময়ে হ্যাকাররা ৪ লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি (ইউএসডিটি) মুক্তিপণ দাবি করেছে। পাঠাও কর্তৃপক্ষ সাইবার হামলার মাধ্যমে কিছু তথ্য ফাঁসের কথা স্বীকার করলেও দাবীকৃত তথ্যের বিশাল পরিমাণ ও মুক্তিপণ দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সাইবার নিরাপত্তাবিষয়ک প্ল্যাটফর্ম ‘ডেইলি ডার্ক ওয়েব’-এর সূত্র অনুযায়ী, ডার্ক ওয়েবে প্রকাশিত ওই পোস্টে প্রায় ২৫ কোটি সারির তথ্য চুরির দাবি করা হয়েছে। হ্যাকারদের কবলে পড়া তথ্যের মধ্যে রয়েছে ১ কোটি ৯ লাখের বেশি মূল ব্যবহারকারী অ্যাকাউন্ট (নাম, ইমেইল, ফোন নম্বর, পাসওয়ার্ড হ্যাশ, জিপিএস লোকেশন ও ফেসবুক আইডি), ১ কোটি ৯ লাখের বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং সমপরিমাণ ড্রাইভিং লাইসেন্সের তথ্য। এ ছাড়াও প্রায় ৫৭ লাখ বাসার ঠিকানা, ব্যবহারকারীদের প্রোফাইল ছবি, পাঠাওয়ের ৫৪৯ জন কর্মীর অভ্যন্তরীণ রেকর্ড, ১৭ হাজার ৯৪৩টি মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও রাউটিং রেকর্ড এবং ৮ লাখের বেশি ডিরেক্ট-ডেবিট আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করা হয়েছে।

চুরি করা এসব ডেটার বিনিময়ে হ্যাকার চক্রটি পাঠাওয়ের কাছে ৪ লাখ ইউএসডিটি (টিথার) মুক্তিপণ দাবি করেছে। এই অর্থ পরিশোধের জন্য মাত্র ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তারা হুমকি দিয়েছে যে, দাবি না মানলে সংবেদনশীল এসব তথ্য ধাপে ধাপে ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হবে। তবে স্বাধীন কোনো সূত্র থেকে হ্যাকারদের এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার বিষয়ে পাঠাও কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত রবিবার (৪ অক্টোবর) তাদের প্ল্যাটফর্মে সেবা বিঘ্নিত হয়েছিল। সাইবার নিরাপত্তার বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের সুরক্ষা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে অফলাইনে রাখা হয় এবং পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়। পাঠাও স্বীকার করেছে যে নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং সিস্টেম সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাঠাও কর্তৃপক্ষ।


   আরও সংবাদ