দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন রোগী।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্যমতে, নতুন ১০ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বরেই সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই মারা গেছেন ৩৬ জন। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী মারা যান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০ হাজার ৩৫৬ জনে। তবে স্বস্তির খবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৪ জন রোগী। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৮৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২, চট্টগ্রামে ২৪২, বরিশালে ২০৩, রাজশাহীতে ১৯৯, ময়মনসিংহে ৯৬ এবং রংপুর বিভাগে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।