ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

৩০ ব্যাংকের ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের



৩০ ব্যাংকের ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

কিউ-ক্যাশ নেটওয়ার্কে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন ঘটায় ৩০টিরও বেশি ব্যাংকের কার্ড, এটিএম এবং এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন বন্ধ হয়ে যায়। এতে চরম গ্রাহক ভোগান্তি তৈরি হওয়ায় নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সুইচিংসহ সব ধরনের সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে সিস্টেমে মাইগ্রেশন, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ শুরু করে কিউ-ক্যাশ। এর ফলে তাদের নেটওয়ার্কভুক্ত ব্যাংকিং সেবায় অচলাবস্থা তৈরি হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, পরিস্থিতি সামাল দিতে ও গ্রাহক স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই বিভ্রাটের প্রভাব সার্বিক পেমেন্ট ব্যবস্থায় পড়েনি। এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত অন্যান্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লেনদেন যথারীতি চালু আছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক পরিচালিত BACPS, BEFTN এবং RTGS-এর মতো জাতীয় পরিশোধ ব্যবস্থাগুলোও পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই সময়ে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের পরামর্শ মানার পাশাপাশি প্রয়োজনে বিকল্প লেনদেন মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


   আরও সংবাদ